সুজন পাল নোয়াখালীঃ নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী বাজারে অতিরিক্ত মূল্য রাখার দায়ে চালের আড়তদার মেসাস বিরেন্দ্র কুমার সাহাকে ৯০ হাজার, মেসার্স হাজী জামাল উদ্দিন ট্রেডার্সকে ৩০ হাজার, মেসার্স খাদ্যগুদামকে ৩০ হাজার ও মেসার্স ফয়েজ ট্রেডার্সকে ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, এসব অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করছেন। দোকানে প্রদর্শিত মূল্য তালিকায় কারসাজি করেছেন। মূল্য তালিকায় দোকানে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত সব পণ্য অন্তর্ভুক্ত করেননি। ভুয়া বিল ভাউচার তৈরি করে দোকানে সংরক্ষণ করেছেন। এসব অপরাধে অসাধু এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক কাউছার মিয়া। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এএসপি আবু সালেহ। শনিবার (২১ মার্চ) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।





