এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাই নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্তের জন্য ৯ জনের তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বাছাই এর জন্য শুক্রবার সন্ধ্যায় বোদা পৌর আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন সংক্রান্ত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মেয়র পদে ৯ জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন।মেয়র পদে নির্বাচনের জন্য একক প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগ। কিন্তু সমঝোতায় আসতে পারেননি তারা।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মনিরুল কাদেরের নেতৃত্বে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজি ফজলে রাব্বি সুজা, আওয়ামীলীগের নেতা মোঃ মিজানুর রহমান ও প্রবির চন্দ্র শনিবার মনোনয়ন প্রত্যাশী ৯জন প্রার্থীর সাক্ষাতকার নেয়। এতেও কেউ কাউকে ছাড় না দেয়ায় শেষ পর্যন্ত সিদ্ধান্তের জন্য ৯জনের নামের তালিকা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হয়।
বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকলেছার রহমান জিল্লুর এ তথ্য নিশ্চিত করে বলেন, কেন্দ্র ৯জনের মধ্য থেকে যাকে মনোনয়ন দিবে আওয়ামীলীগ তার পিছনে কাজ করবে।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সহসভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আজাহার আলী, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল মান্নান, সহসভাপতি আলহাজ্ব ইউসুফ আলী দুলাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, যুগ্ম সম্পাদক বোদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের আবুল খান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু ইউনুস লেলিন ও বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খাদিমুল ইসলাম।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ১৭ বছর পর বোদা পৌর নির্বাচন হতে যাচ্ছে। আগামী ২৭ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ এবং ২৮ ডিসেম্বর পৌরসভার নির্বাচন।




