বিশ্ব মেট্রোলজি দিবসে রাষ্ট্রপতির বাণী

বিশ্ব মেট্রোলজি দিবসে রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামীকাল ২০ মে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ ২০২১ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। ওজন ও পরিমাপের সকল ক্ষেত্রে এর সঠিকতা নিশ্চিতকরণ ও পরিমাপ বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে এ দিবস উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে ১৭ জাতি কর্তৃক স্বাক্ষরিত পরিমাপ সম্পর্কিত ‘মিটার কনভেনশন’-কে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এদিনে বিশ্বব্যাপী মেট্রোলজি দিবস পালন করা হয়। ক্রমবিকাশমান সামাজিক চাহিদা পূরণে নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং তার ব্যবহারের প্রতিটি পর্যায়ে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে স্বাস্থ্যখাতে রোগ-ব্যাধি নির্ণয়, অণুজীব সংক্রান্ত গবেষণাসহ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও চিকিৎসা সামগ্রীর ব্যবহার হয়ে থাকে। এসব যন্ত্রপাতি ও চিকিৎসার সামগ্রীর উৎপাদন ও ব্যবহারের প্রতিটি পর্যায়ে এর সর্বোত্তম মান ও সঠিক পরিমাপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ প্রেক্ষিতে এ বছর বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘Measurement for Health’ অর্থাৎ ‘সুস্বাস্থ্যের জন্য পরিমাপ’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অংশীদারিত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমাদের রপ্তানি পণ্যেও এসেছে বহুমাত্রিকতা। বিশ্ববাণিজ্যে নিজেদের অবস্থান সুসংহত করতে পণ্যের সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এক্ষেত্রে বিএসটিআইসহ পণ্যের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও ক্রমশঃ সম্পসারিত হচ্ছে। আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সঙ্গতি রেখে উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের স্বার্থ সংরক্ষণে সকলে সচেষ্ট থাকবে – এ প্রত্যাশা করি।
আমি ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।