বিবিসির ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নিষিদ্ধ করেও নরেন্দ্র মোদির টুইটে অস্বস্তিতে বিজেপি

বিবিসির ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নিষিদ্ধ করেও নরেন্দ্র মোদির টুইটে অস্বস্তিতে বিজেপি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সদ্য সম্প্রচারিত বিবিসির ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ তথ্যচিত্রের প্রথম পর্বটিকে ‘পক্ষপাতদুষ্ট, অপপ্রচারমূলক, বস্তুনিষ্ঠ নয়’ অভিহিত করেছে এবং তাতে ‘ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন’ দেখে বিবিসির বিশ্বাসযোগ্যতার প্রতি মারাত্মক প্রশ্ন তুলেছে। তথ্যচিত্রটি কতখানি ‘ষড়যন্ত্রমূলক ও দূরভিসন্ধিতে’ ভরা – তা নিয়ে শাসক দল ও সরকার প্রচারে নেমেছে।
তথ্যচিত্রটি ভারতে যাতে না দেখা যায়, তার জন্য ইউটিউব, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেও সরকার নিশ্চিত হতে পারছে না। এ সময়ই ‘ভাইরাল’ হয়েছে প্রায় এক দশক পুরোনো নরেন্দ্র মোদির একটি টুইট। ২০১৩ সালের ৮ এপ্রিল করা সেই টুইটে মোদি লিখেছিলেন, ‘তখনো দূরদর্শন (টেলিভিশন) ছিল। আকাশবাণী (রেডিও) ছিল। (অথচ) সাধারণ মানুষ কী নিয়ে আলোচনা করতেন? আমরা বিবিসিতে শুনেছি। দূরদর্শন, আকাশবাণীর ওপর মানুষের কোনো বিশ্বাস ছিল না।’
বিরোধী দলের নেতারা ‘সেনসরশিপের’ বিরোধিতা করে তথ্যচিত্রটি প্রচার করছেন। যেমন তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ান ও মহুয়া মৈত্র। দুজনেই নিষেধাজ্ঞা অমান্য করে ওই তথ্যচিত্রটি আবার টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন। মহুয়া লেখেন, ‘পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সম্রাট ও তার পরিষদবর্গ কী প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন! দুঃখিত, বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে সেনসরশিপ মানব বলে নির্বাচিত হইনি।’ টুইটের সঙ্গে তথ্যচিত্রের লিংক জুড়ে দিয়ে তিনি বলেন, ‘পারলে দেখুন’। ডেরেকও জানিয়েছেন, ‘আগের টুইট মুছে দেওয়া হলেও নতুনটি তিন দিন ধরে বহাল। পারলে দেখুন।’
কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভের কটাক্ষ, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্টার্ট আপ ইন্ডিয়ার’ মতো ‘ব্লক ইন ইন্ডিয়া’ বলেও সরকারের একটি প্রকল্প রয়েছে। সরকার কঠিন প্রশ্ন শুনতে চায় না। ভাগ্যিস বিবিসির সদর দফতর ভারতে নয়। হলে এতক্ষণে ইডি পৌঁছে যেত! শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী সেনসরশিপ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, আজকের দুনিয়ায় যত বেশি তিরস্কার করা হবে, যত প্রতিবাদ হবে, তত বেশি মানুষ তথ্যচিত্রটি দেখবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।