আর্থ অবজারভেশন স্যাটেলাইটসহ ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ ও ফ্রান্স সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

আর্থ অবজারভেশন স্যাটেলাইটসহ ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ ও ফ্রান্স সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

ডিজিটাল প্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মতো কৌশলগত খাতে বাংলাদেশ ও ফ্রান্সের সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত Jean-Marc Séré-Charlet মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, কৃষি উৎপাদন, ভূমি ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে আর্থ অবজারভেশন স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রয়োজন বিবেচনায় বাংলাদেশ সরকার একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্সের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। দুই দেশের মধ্যে প্রযুক্তি, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে মহাকাশ প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সম্ভাব্য আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রকল্পে সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর, বিশেষায়িত প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে ফ্রান্স সহযোগিতা করতে আগ্রহী। তিনি বলেন, এই ধরনের স্যাটেলাইট কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর ও ভূমি পরিকল্পনা, সীমান্ত নিরাপত্তা এবং সামুদ্রিক নজরদারিসহ বিভিন্ন খাতে কার্যকর তথ্য সরবরাহ করতে সক্ষম।

রাষ্ট্রদূত আরও বলেন, মহাকাশ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা, গবেষক বিনিময় এবং দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রেও ফ্রান্স সহযোগিতা বাড়াতে আগ্রহী।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক অংশীদারিত্বকে নতুন পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশে এয়ারবাসের প্রধান প্রতিনিধি রাফায়েল গোমেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।