ঢাকা, ১৩ জুলাই: দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগ নির্ণয় ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ১৫টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অত্যাধুনিক হেমাটোলজি অ্যানালাইজার সরবরাহ করা হয়েছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে রক্ত পরীক্ষা করা সম্ভব হবে, যা রোগ নির্ণয় ও চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে চিকিৎসা সরঞ্জামগুলো সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড সম্পূর্ণ বিনামূল্যে সরকারের কাছে ১৫টি অত্যাধুনিক Mispa HX58 Automatic 5-Part Hematology Analyzer with Autoloader মেশিন প্রদান করেছে। এসব যন্ত্র সরকারি হাসপাতালগুলোতে আধুনিক রোগ নির্ণয় সেবা সম্প্রসারণে ব্যবহৃত হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি ক্রয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, নতুন অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দ্রুত সংগ্রহ, কার্যকর ব্যবস্থাপনা এবং জবাবদিহিমূলক প্রশাসনের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। সময়ক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান গোলাম দস্তগীর তৌহিদ বলেন, উন্নত চিকিৎসার প্রথম ধাপই হলো সঠিক রোগ নির্ণয়। সরকারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার আধুনিকায়নে অবদান রাখতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত। তিনি জানান, নতুন প্রজন্মের এই হেমাটোলজি অ্যানালাইজার অত্যন্ত দ্রুত ও নির্ভুলভাবে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম।
অনুষ্ঠানে আরও জানানো হয়, তৃতীয় প্রজন্মের এই প্রযুক্তির মেশিন প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০টি রক্ত পরীক্ষা করতে পারে। এর ফলে সম্পূর্ণ রক্তের হিসাব (CBC) পরীক্ষার ফল দ্রুত পাওয়া যাবে, রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়বে এবং চিকিৎসা শুরু করতেও কম সময় লাগবে।
এছাড়া রোগীদের অপেক্ষার সময় কমানো, সরকারি হাসপাতালের পরীক্ষাসেবার সক্ষমতা বৃদ্ধি, দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং যন্ত্রগুলোর দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিএমএসডির পরিচালক (যুগ্মসচিব) ড. শফিউর রহমান, ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মমিত ফয়সাল, সিএমএসডির ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও চিকিৎসা প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন।