বাংলাদেশের বর্তমান সংকটাপন্ন করোনা পরিস্থিতিতে প্রতিনিয়ত মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সম্মুখে যুদ্ধ করে যাওয়া আরেক পুলিশ কর্মকর্তার মৃত্যু। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এএসআই হাবিবুর গত ১৬ জুন অসুস্থতা বোধ করলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিন রাতে তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
বিএমপির কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, হাবিবুর রহমানের আগে থেকেই লিভারের সমস্যা ও ডায়াবেটিস ছিল। এছাড়াও তার হার্টে রিংও পড়ানো ছিল। নানান ধরণের রোগে আক্রান্ত শারীরিক অসুস্থতার কারণে সে ঢাকার পুলিশ হাসপাতালে গত সপ্তাহে ভর্তি হন এবং মঙ্গলবার সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পেলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।
এএসআই হাবিবুর বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।
অন্যদিকে গতকাল পর্যন্ত পুলিশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৯৮ জন, যা একক পেশা হিসেবে সর্বোচ্চ। তবে তাদের মধ্যে পুলিশের ৫ হাজার ৪৯১ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে করোনা আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। গতকাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশে কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৫ জন।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে এ পর্যন্ত জীবন দিলেন পুলিশের ৩২ বীর সদস্য।





