ক্রীড়া ডেস্ক: মাইকেল ফেলপস ২০০০ সালে ঘরের মাটিতে ৪ গুনন ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে স্বর্ণ জিতেছিলেন।
২০০৪ সালে এথেন্স অলিম্পিকে তাদের হটিয়ে দক্ষিণ আফ্রিকার সাঁতারুরা স্বর্ণ জিতে নেয়। কিন্তু ২০০৮ সালে ফ্রান্সের সাঁতারুদের হারিয়ে আবার এই ইভেন্টে স্বর্ণ জিতে নেয় মাইকেল ফেলপসরা।
তবে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ফ্রান্সের কাছে হেরে বসে তারা। চার বছর পর রিও অলিম্পিকে আবারও ৪ গুনন ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে স্বর্ণ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার যুক্তরাষ্ট্রের কায়েলেব ড্রেসেল, মাইকেল ফেলপস, রায়ান হেলড ও নাথান আদ্রিয়ান ৩ মিনিট ৯.৯২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতে নেন। রৌপ্য জিতে নেয় ফ্রান্স। আর ব্রোঞ্জ পদক পায় অস্ট্রেলিয়ার সাঁতারু দল।
এই স্বর্ণ জয়ের মধ্য দিয়ে অলিম্পিকে রেকর্ড ১৯তম স্বর্ণ জিতলেন মাইকেল ফেলপস। আর ক্যারিয়ারের ২৩তম অলিম্পিক পদক। রিও অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জয়ী অ্যাথলেট হিসেবে আসেন ফেলপস। রোববার আরো একটি স্বর্ণ জিতে নিজেকে আরো একটু উচ্চতায় নিয়ে গেলেন মার্কিন এই সাঁতারু।
অবশ্য ২০১২ লন্ডন অলিম্পিকের পর অবসর ঘোষণা দিয়েছিলেন। অবসর ভেঙে আবারও লড়ছেন অলিম্পিকে। এবার তিনি কতটি স্বর্ণ জিতে থামেন, সেটাই দেখার বিষয়।
মঙ্গলবার তিনি ১০০ মিটার ফ্রিস্টাইলের হিটে অংশ নেবেন।