দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নওগাঁর মান্দায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় বাস্তবায়িত চক কসবা বিলে এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল (চায়না দুয়ারী জাল) জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, একশ্রেণীর অসাধু জেলে অবৈধ চায়না দুয়ারী রিং জাল দিয়ে ছোট-বড় ও রেনু পোনাসহ সব ধরণের মাছ নির্বিচারে শিকার করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে চক কসবা বিলে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয়। আটককৃত এসব জাল পরবর্তীতে স্থানীয় সর্বসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাহাদুল ইসলাম, মান্দা উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী জনাব পলাশ এবং প্রকল্প ফিল্ড ফ্যাসিলেটর জনাব মোজাফফর হোসেন।
আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মান্দা থানার এসআই মাইনুর, ডিএসবি সদস্য মোঃ আব্দুল হান্নানসহ পুলিশ বাহিনীর একটি চৌকস দল।
অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাহাদুল ইসলাম জানান, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজনন মৌসুমে এ ধরণের ক্ষতিকর ও অবৈধ জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





