প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিরা। প্রস্তাবিত বিনিয়োগের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের গতি বাড়ানো, আধুনিক প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে অবদান রাখার আগ্রহের কথা জানান তারা।
বৈঠকে বাংলাদেশে টয়োটার ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণ, সম্ভাব্য বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী টয়োটার বাংলাদেশে বিনিয়োগ ও কার্যক্রম বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতিগত সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ নিশ্চিত করতেও সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনার বিষয়টিও তুলে ধরেন। এসব খাতে টয়োটা তুশো করপোরেশন বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।
বিভাগীয় পর্যায়ে টয়োটার নেটওয়ার্ক সম্প্রসারণ
টয়োটা বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে সেবা ও কার্যক্রম আরও বিস্তৃত করতে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় পর্যায়ে টয়োটার নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
এ উদ্যোগের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের জন্য টয়োটার গাড়ি, বিক্রয়োত্তর সেবা এবং সংশ্লিষ্ট কার্যক্রম আরও সহজলভ্য হবে বলে বৈঠকে জানানো হয়।
২০২৭ সালে HEV উৎপাদন শুরুর পরিকল্পনা
বৈঠকে টয়োটা বাংলাদেশ জানায়, ২০২৭ সালে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে Hybrid Electric Vehicle (HEV) উৎপাদনের জন্য শিল্প স্থাপনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’—এই উন্নয়ন দর্শনকে সামনে রেখে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে দেশে হাইব্রিড বৈদ্যুতিক যানবাহনের পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রমে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তরুণদের দক্ষতা উন্নয়নে টয়োটার আগ্রহ
বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে টয়োটা। বিশেষ করে তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির বিষয়ে প্রতিষ্ঠানটির সম্ভাব্য উদ্যোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়।
টয়োটা বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, শিল্পের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ তৈরিতে তারা ভবিষ্যতে ভূমিকা রাখতে আগ্রহী।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।





