ঢাকা: প্রিয়া সাহার বক্তব্যে বিভ্রান্ত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘পিরোজপুর-১ সংসদীয় আসনের নির্বাচিত সদস্য হিসেবে দেশের সকল হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলকে অবহিত করতে চাই আমার এলাকায় কোনোভাবেই কোনো অসম্প্রীতি হয়নি, ধর্মীয় বিদ্বেষপ্রসূত কোনো ঘটনা ঘটেনি। প্রিয়া সাহার কোনো সম্পত্তি কেউ নিয়ে যাওয়া বা তার ঘর-বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ সম্পূর্ণরূপে অসত্য। মুসলিম মৌলবাদীরা ঘটনা ঘটিয়েছেন বলে প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন, তাও অসত্য’।
সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, ‘আমার এলাকায় কোনো মৌলবাদীদের অবস্থান নেই। আমার এলাকায় হিন্দু-মুসলিমের সম্প্রীতি, সহাবস্থান একটি অপূর্ব নিদর্শন সৃষ্টি করেছে। এটা হাজার হাজার বছরের ঐতিহ্য। আমাদের সম্প্রীতির জায়গা অনেক বড়। কাজেই প্রিয়া সাহার বক্তব্যে কোনো মানুষ যেন বিভ্রান্ত না হন বা কেউ যেন ফায়দা লুটে নিতে না পারেন সেই আহ্বান জানাচ্ছি’।
‘ইতোমধ্যে পিরোজপুর জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় সকলে প্রিয় সাহার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন’, বক্তব্যে উল্লেখ করেন মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য হিসেবে এবং একই ইউনিয়নের অধিবাসী হিসেবে দেশবাসীকে অবহিত করতে চাই, প্রিয়া সাহা পিরোজপুর-১ আসনের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চর বানিয়ারি গ্রামে বসবাস করেন না এবং এ গ্রামে তার নিজস্ব কোনো সম্পত্তি বা বাড়ি-ঘর নেই। এ গ্রামে তার বাবা ও ভাইদের সম্পত্তি রয়েছে। তাদের বাড়িতে কেউ থাকেন না’।
শ ম রেজাউল করিম বলেন, ‘প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টের কাছে বলেছেন বাংলাদেশে ৩ কোটি ৭০ লক্ষ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান গুম হয়েছে। আমার নির্বাচনী এলাকা যেখানে প্রিয়া সাহার বাবার বাড়ি, সেখানে একজনও অন্য ধর্মাবলম্বী ব্যক্তি গুম হয়নি’।
প্রিয়া সাহা দেশের বাইরে গিয়ে তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া ও জমি নিয়ে নেওয়ার যে অভিযোগ করেছেন, এটা সম্পূর্ণরূপে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং কোনো অসৎ পরিকল্পনা থেকে এ জাতীয় অভিযোগ করতে পারেন।
মন্ত্রী আরো জানান, ‘পিরোজপুর জেলা পূজা পরিষদের সভাপতি বিমল মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তুষার মজুমদার বিবৃতি দিয়েছেন যে, প্রিয়া সাহার বক্তব্যের সাথে তারা কেউ একমত নন এবং তার অভিযোগ সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে প্রিয়া সাহার অভিযোগকে উদ্ভট, অবাস্তব ও মিথ্যাচারপূর্ণ বলে অভিহিত করেছেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।



