‘প্রধান বিচারপতিকে কিছু বলতে দেয়া হচ্ছে না কেন’

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, ‘ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত প্রধান বিচারপতি দেশের বাইরে চিকিৎসা নিতে যাচ্ছেন। কারও সামনেই মুখ খুলছেন না তিনি। অসুস্থতার জন্য জনগণের কাছে কেনইবা দোয়া চাইছেন না? ভয় কোথায়, কেন তাকে কিছু বলতে দেয়া হচ্ছে না?’

শুক্রবার(১৩ অক্টোবর)দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেএসডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রব বলেন, ‘ সরকার রাষ্ট্রের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে ধ্বংসের কিনারে নিয়েছে। সংবিধানের ৯৪(২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি একজন সম্মানিত ব্যক্তি। অথচ সরকার প্রতি মূহূর্তে তাকে অপমান করে দেশ-জনগণ ও সংবিধানকে অবমাননা করেছে।’

এ সময় ছুটি শেষে প্রধান বিচারপতিকে যোগদানের নিশ্চয়তা প্রদান করে বিচার বিভাগের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করার দাবি উত্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে যুদ্ধের উস্কানি ছিল। এটা জানার পরেও দেশবাসীকে অবহিত না করে প্রধানমন্ত্রী অনেকদিন দেশের বাইরে অবস্থান করেছেন। যা রাষ্ট্রের জন্য চরম ঝুঁকিপূর্ণ। বিষয়টি আগে থেকেই দেশের জনগণকে জানানো উচিৎ ছিল।’

সংবাদ সম্মেলনে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, ‘চলমান রোহিঙ্গা সংকট সমাধানে শুধু দ্বিপাক্ষিক নয়, বহুপাক্ষিক আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। ইইউ এবং ওআইসিসহ জাতিসংঘকে সম্পৃক্ত করতে হবে।পাশাপাশি মিয়ানমারের যুদ্ধ উস্কানিসহ রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার স্বার্থে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’ উন্নত বিশ্বের মতো বাংলাদেশের ১০ লাখ সক্ষম যুবক-যুব মহিলাকে সামরিক প্রশিক্ষণ দেয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেএসডির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।