অর্থনৈতিক প্রতিবেদক: আজ থেকে ছয় বছর পর অর্থাৎ ২০২১ সাল নাগাদ বাংলাদেশে দৈনিক প্রায় সাড়ে ৪ কোটি ডিম এবং সাড়ে ৩ থেকে ৪ হাজার মেট্রিক টন মুরগির মাংসের প্রয়োজন হবে। এ চাহিদা মেটাতে পোল্ট্রি খাতে বিনিয়োগ করতে হবে ৫০-৬০ হাজার কোটি টাকা। এজন্য সরকারি-বেসরকারি সহযোগিতা বাড়াতে হবে, সরকারকে পোল্ট্রি খাতে আরো বেশি নজর দিতে হবে।
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে অনুষ্ঠিত ‘২০২১ সালের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের চ্যালেঞ্জ : সরকারি-বেসরকারি পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি)।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, ‘ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে না আসলে পোল্ট্রি শিল্পের বিকাশ সম্ভব হবে না। ১২ থেকে ১৫ শতাংশ সুদ দিয়ে শিল্প করা কঠিন। ডিম, দুধ, মাছ ও মাংস সব বয়সের মানুষ, বিশেষ করে নারী ও শিশুর জন্য খুবই প্রয়োজনীয় খাদ্য। তবে ২০২১ সাল নাগাদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে পোল্ট্রি খাত উল্লেখযোগ্য অবদান রাখবে। সেক্ষেত্রে পুষ্টিস্বল্পতা কিংবা অপুষ্টি দূর করতে হলে ডিম ও মাংস খাওয়ার পরিমাণ অনেক বাড়াতে হবে। পাশাপাশি স্বল্পমূল্যে প্রাণিজ আমিষের যোগান নিশ্চিত করতে হবে।’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘পোল্ট্রি খাতকে অবশ্যই বীমার আওতায় আনতে হবে। কেননা, একটি স্থানে বার্ড ফ্লু হলে দেখা যায়, পুরো এলাকার ভালো মুরগিও মেরে ফেলা হয়। এতে খামারিরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হন।’
তিনি বলেন, ‘বর্তমান সময়ে ভোক্তার কাছে আকর্ষণীয় মাংস হচ্ছে মুরগির মাংস। কেননা এর দামও কম এবং স্বাস্থ্যসম্মত মাংস পাওয়া যায়। মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে পুষ্টি ও বিনিয়োগ দুটিই গুরুত্বপূর্ণ। ২০২১ সাল নাগাদ পোল্ট্রি শিল্পে প্রয়োজনীয় বিনিয়োগ বাড়াতে এবং পোল্ট্রি শিল্পের অগ্রগতিতে প্রয়োজনীয় সহযোগিতা করবে এফবিসিসিআই।’
বিপিআইসিসির আহ্বায়ক মসিউর রহমান বলেন, ‘ভালো মানের পোল্ট্রি শিল্পের লক্ষ্যে জাতীয় কৌশলপত্র ও কর্মপরিকল্পনা তৈরি করাই আজকের কর্মশালার মূল লক্ষ্য। পোল্ট্রি শিল্পে বিনিয়োগ ২৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ২০২১ সালের মধ্যে প্রায় ৫০ হাজার কোটি টাকায় উন্নীত করতে হবে। এজন্য সরকারি সহযোগিতা প্রয়োজন। শিগগিরই হালাল মাংস রপ্তানির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তাই রপ্তানির ক্ষেত্রে বাধাগুলো দূর করতে হবে। বর্তমানে বাংলাদেশের মোট মাংসের চাহিদার ৪০-৪৫ শতাংশই আসছে পোল্ট্রি শিল্প থেকে। তা ছাড়া বর্তমান চাহিদার শতভাগ ডিম, মুরগি, বাচ্চা এবং ফিড এখন দেশেই উৎপাদিত হচ্ছে। মাংস হচ্ছে হাইলি নিউট্রিসাস ফুড। বিজ্ঞানীদের মতে, এটি বিশেষ করে এইচআইভি ইনফেকটেড কমিউনিটির জন্য একটি দরকারি খাদ্য। আগামী বছরের মার্চ মাসে পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দেন বিপিআইসিসির আহ্বায়ক মসিউর রহমান।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় বলেন, ‘আগামী দিনের চাহিদা মেটাতে সরকার এবং বেসরকারি উদ্যোক্তাদের অবশ্যই এক হয়ে কাজ করতে হবে। শুধু চাহিদা পূরণই যথেষ্ঠ নয়, নিরাপদ খাদ্য এবং ভোক্তার অধিকারের ব্যাপারেও সজাগ থাকতে হবে।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো ড. সুবীর কান্তি বৈরাগী তার প্রেজেন্টেশনে বলেন, ২০২১ সাল নাগাদ ডিমের চাহিদা পূরণ করা সম্ভব হলেও মুরগির মাংসের চাহিদা পূরণ কঠিন হতে পারে। মাছ ও পশুখাদ্য আইন ২০১১ অনুসরণ করা ফিড উৎপাদকদের জন্য কঠিন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ড. বৈরাগীর মতে, আগামী দিনের চাহিদা মেটাতে খামার ব্যবস্থাপনায় আরো আধুনিকায়নের প্রয়োজন হবে। প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি গবেষণা কাজে অর্থায়নও বাড়ানোর পরামর্শ দেন তিনি।