খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদ এর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের মাঝে পান-সুপারি নিয়ে আসা ও সেবন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রোগী ও রোগীর সাথে আগত স্বজনদের নিকট থেকে পান-সুপারি উদ্ধার করা হয়। একইসাথে হাসপাতালের বিভিন্ন স্থানে পানের পিক ও ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা না করার জন্য রোগী ও স্বজনদের সচেতন করা হয়।
এছাড়া তিনি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ,পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, বহিঃবিভাগ, শিশু ওয়ার্ড ও ডেলিভারি ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সুবিধা অসুবিধা কথা শোনেন ও পরামর্শ দেন।
এ সময় সাথে ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন সহ ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য কর্মচারীবৃন্দ।


