পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। অতিরিক্ত বৃষ্টিপাতে পানিতে তলিয়ে গেছে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ৬১ একর আউশ ও আমন ধান। ভেসে গেছে হাজার হাজার বিঘা ঘেরের চিংড়ি ও মাছ। ধ্বসে পড়েছে অসংখ্যা কাচা ঘর-বাড়ি। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কে, এম, আবুল কালাম জানান মঙ্গলবার সন্ধ্যার পর হতে রাত ভোর ভারী বৃষ্টিপাতে বীজ উৎপাদন খামারের আউশ-বিআর-২৬, ১৪ একর, ব্রী-ধান-৫৫, ৬.একর, আমনের বি. আর-২৩, ১৮ একর, ব্রী-ধান ৪১, ২০ একর, নেরিকা মিউটেন্ড ৩ একর সহ ৬১ একর আউশ ও আমন ধান হাঁটু ও কোমর পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। উপ-সহকরী পরিচালক (খামার) মোঃ শহিদুল ইসলাম জানান হিতামপুর, মেলেকপুরাইকাটি, গোপালপুর, গদাইপুর ও পুরাইকাটি সহ এলাকার কয়েকটি গ্রামের পানি খামারের মধ্য দিয়ে নিস্কাশন হয়ে থাকে। মঙ্গলবার রাতের ভারী বর্ষণে ও এলাকার অতিরিক্ত পানিতে খামারের ৬১ একর আউশ ও আমন ধান তলিয়ে যায়। আমন ধান সবে মাত্র রোপন করা হলেও আউশের ফসলে কিছু কিছু ক্ষেত্রে পুরা থোর অবস্থা সৃষ্টি হয়েছে। কিছু কাইচ থোর আবার দুধ আসা অবস্থায় রয়েছে। এক্ষেত্রে কয়েক ফুট পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ও আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে বিএডিসির এ কর্মকর্তা জানান। অনরুপভাবে পৌরসদর সহ ১০ ইউনিয়নে ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল গোটা এলাকা।