× Banner

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালের পাঁচটি আসনে প্রচারনায় স্বতন্ত্র প্রার্থী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
বরিশাল ৫ আসন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনেই নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যাপক সারা ফেলে জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদী হয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এরা (স্বতন্ত্র প্রার্থী) সবাই আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অপর একটি আসনে হেভিওয়েটের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাগুজে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও তাদের নির্বাচনী মাঠের কোথাও দেখা মিলছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত হেভিওয়েট প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করছেন জাপা ও এনপিপি মনোনীত দুইজন কাগুজে প্রার্থী। প্রতিদিন নৌকার পক্ষে নির্বাচনী আসনের প্রতিটি এলাকার প্রচার-প্রচারনা চললেও অন্যকোন প্রার্থী এবং তাদের কোন সমর্থকদের কোথাও দেখা যায়নি। এমনকি তাদের পক্ষে কোন নির্বাচনী পোস্টারও চোখে পরেনি। ফলে ওই আসনে নৌকার বিজয় শতভাগ নিশ্চিত বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই আসেন নৌকার প্রতিদ্বন্দি প্রার্থীরা ভোট কেন্দ্রে দেয়ার মতো এজেন্টও খুজে পাবেন না বলে জানিয়েছেন তাদের দলের নেতারা।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মহাজোটের প্রার্থী রাশেদ খান মেনন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী হিসেবে প্রতিদিন ব্যতিক্রমধর্মী প্রচার-প্রচারনা ও গণসংযোগ করে এলাকায় ব্যাপক সারা জুগিয়েছেন ওই আসনের কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি গানের সুরে সুরে প্রচারণা চালিয়ে ইতোমধ্যে ভিন্ন এক জনপ্রিয়তা পেয়েছেন এই প্রার্থী। গ্রামের সাধারণ মানুষও তাকে দেখে বেশ উচ্ছ্াসিত, অনেকেই আবার নকুল কুমার বিশ্বাসকে এক নজর দেখার জন্য প্রচারণাস্থলে ছুটে যাচ্ছেন। নকুল কুমার বিশ্বাস বলেন, আমি নেতা হতে চাই না, আমি গণমানুষের সেবা করতে চাই। আমি দলাদলি চাই না, গলাগলি চাই, গোলাগুলি চাই না, কোলাকুলি চাই।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে আসনটি ছেড়ে দেওয়া হলেও নির্বাচনী মাঠে এখনও তিনি তেমন কোন জোয়ার সৃষ্টি করতে পারেননি। অভিযোগ রয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তিনি এড়িয়ে চলছেন। এ সুযোগে ওই আসনে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মোঃ আতিকুর রহমান। ইতোমধ্যে ওই আসনের দুই উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন।

দ্বৈত নাগরিকত্বর কারণে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মি আহমেদের মনোনয়ন বাতিলের পর বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া পঙ্কজ দেবনাথ। এ আসনে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে কাগুজে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও মাঠে তাদের কোন কর্মী সমর্থকদের খুঁজে পাওয়া যায়নি।

বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের প্রতিদন্ধি প্রার্থী হিসেবে প্রচার-প্রচারনায় মাঠ সরগরম করে রেখেছেন দলের মনোনয়ন বঞ্চিত হয়ে ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া আলহাজ্ব মোঃ সালাহউদ্দিন রিপন। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আব্দুল হাফিজ মল্লিকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে একই দলের মনোনয়ন বঞ্চিত হয়ে ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিন বারের উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নুু। নির্বাচনী মাঠের পাকা খেলোয়াড় ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী জয়ের ব্যাপার শতভাগ আশাবাদি।


এ ক্যটাগরির আরো খবর..