চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল শিল্প বিপ্লব উপযোগী শিক্ষা অপরিহার্য। উপয্ক্তু শিক্ষা গ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে এগুতে পারলে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ। বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ডাকসু আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নই চতুর্থ শিল্প বিপ্লবের প্রেরণা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন।
ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিকে পৃথিবীতে একটি অনুকরণীয় কর্মসূচি উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তি হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার হাতিয়ার। চতুর্থ শিল্প বিপ্লবের যত প্রযুক্তি আসবে তা দেশের মানুষ, জীবন জীবিকা চিন্তা করেই গ্রহণ করা হবে। তিনি বলেন, আমাদের বড় সম্পদের নাম মানুষ। সুতরাং মানুষের স্বার্থে, দেশের প্রয়োজনে আমরা প্রযুক্তি ব্যবহার করব।
মন্ত্রী ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি সংবলিত নির্বাচনী ইশতেহারকে শ্রেষ্ঠ দলিল আখ্যায়িত করে বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্নের ভিত্তিতে বাংলাদেশ তৈরি করে গেছেন আমরা সে স্বপ্ন ধারণ করতে পেরেছি।
অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হাসান মোঃ রাজি হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের অধ্যাপক ড. মহসিন আল সাকিব, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ রাশেদুল হাসান, ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ সুফি ফারুক ইবনে আবু বকর, বাংলাদেশ ছাত্র লীগের আইটি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রূপক এবং ডাকসু’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আরিফ বক্তৃতা করেন।




