পণ্য বাংলাদেশি, প্যাভিলিয়ন পাকিস্তানি


অর্থনৈতিক ডেস্ক: পাকিস্তানের ব্যবসায়ীরা প্যাভিলিয়ন বরাদ্দ নিলেও অনেকে মেলায় অংশ নিতে পারেননি। ফলে পাকিস্তানি ব্যবসায়ীদের নামে বরাদ্দকৃত প্যাভিলিয়নে শোভা পাচ্ছে বাংলাদেশি পণ্য।

শুক্রবার মেলা ঘুরে দেখা যায়, বাণিজ্য মেলায় চারটি বড় পাকিস্তানি প্যাভিলিয়ন রয়েছে। এসব প্যাভিলিয়নকে ছোট ছোট ভাগে ভাগ করে ১৫ থেকে ২০টি করে স্টল করা হয়েছে।

এসব প্যাভিলিয়নের দুটিতে পাকিস্তানি পণ্যের পাশাপাশি বাংলাদেশি পণ্য রয়েছে। একটি প্যাভিলিয়নের পুরোটাতেই বাংলাদেশি পণ্য। আরেকটি প্যাভিলিয়নের পুরোটাই খালি পড়ে রয়েছে।
বাংলাদেশি পণ্য নিয়ে পাকিস্তানি প্যাভিলিয়নে অবস্থানরত মোখলেছুর রহমান বলেন, ‘প্যাভিলিয়নটি খালি পড়ে ছিল। পরে আমরা মেলা কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে ছোট ছোট স্টল দিয়েছি। পাকিস্তানি ব্যবসায়ীরা ভাড়া নিলেও তারা আসেনি।’

পাকিস্তানি প্যাভিলিয়নগুলো খালি থাকার কারণ জানতে চাইলে বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইউসুফ আলী বলেন, পাকিস্তানি ব্যবসায়ীদের ভিসা দিতে এবার যাচাইবাছাই করা হয়েছে। ফলে আগে থেকে স্টল বরাদ্দ নিলেও ভিসা পেতে দেরি হওয়ায় অনেকে আসতে পারেননি। বাংলাদেশে যারা আসতে পেরেছেন, তারাই প্যাভিলিয়নে পণ্য ওঠাতে পেরেছেন।

এদিকে মানবতাবিরোধীদের ফাঁসি কার্যকরের বিষয়ে পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিতর্কিত মন্তব্যের পর দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে আসছে।এরই মধ্যে ইপিবি থেকে পাকিস্তানকে মেলায় প্যাভিলিয়ন নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে ইউসুফ আলী বলেন, বিশ্বায়নের যুগে রাজনীতি আর ব্যবসা এক করা যাবে না। ওটা রাজনৈতিক বক্তব্য। তা ছাড়া আমাদের অর্থনীতি চাঙ্গা করতে হলে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখতে হবে। আমাদের ওয়েবসাইটে মেলা সম্পর্কে তথ্য দেওয়া আছে। সেখানে আবেদনপত্রও আছে, তা দেখে যেকোনো দেশ আবেদন করতে পারে।

প্রসঙ্গত, রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে ১ জানুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।