অর্থনৈতিক প্রতিবেদক: ছয়টি নতুন ব্যবসা উদ্বোধন করা হয়েছে ইউনূস সেন্টারে অনুষ্ঠিত ১৮৫তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে।
সোমবার গ্রামীণ ব্যাংক মিলনায়তন কক্ষে ১৮৫তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়। এতে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায় থেকে আসা প্রায় ১৭০ জন অংশ নেন।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে তিনি জানান, ২০১৩ সালের জানুয়ারিতে ল্যাব শুরু হওয়ার পর ১৮৪তম ল্যাব পর্যন্ত ৩ হাজার ৫৭৮টি প্রকল্প ডিজাইন ল্যাবে উপস্থাপিত হয়েছে। এগুলোর মধ্যে ৩ হাজার ৫৫৩টি প্রকল্প বিনিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। এতে বিনিয়োগের পরিমান ১ লাখ থেকে আড়াই লাখ পর্যন্ত।
আজকের ল্যাবে ৬টি নতুন নবীণ উদ্যোক্তা ব্যবসা পরিকল্পনা উপস্থাপন করা হয়।
উপস্থাপিত ব্যবসাগুলোর সবই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবারের সন্তানদের নবীণ উদ্যোক্তা ব্যবসা। উপস্থাপিত ব্যবসাগুলো হচ্ছে- আল আমিন মিয়ার ‘আল আমিন ব্যাম্বু ক্রাফট’, হোসনে আরার ‘মৌ বিউটি পার্লার’, মো. মনিরুল ইসলামের ‘মৃত্তিকা এন্টারপ্রাইজ’, মো. মিঠু আহমদের ‘মাহিম ক্রিকেট ব্যাট’, আবুল কালাম আজাদের ‘মেসার্স রাকিব এন্টারপ্রাইজ’ এবং মো. সাগরের ‘মীম বক্স হাউজ’।
নবীণ উদ্যোক্তারা প্রত্যেকেই প্রকল্প পরিকল্পনা, বাজারজাত পরিকল্পনা ও আত্মনির্ভরশীলতা পরিকল্পনাসহ তাদের নিজ নিজ ব্যবসায়িক পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন। এরপর প্রকল্পগুলো নিয়ে দলীয়ভাবে বিশদ আলোচনা হয়। উপস্থাপিত ছয়টি প্রকল্পই অর্থায়নের জন্য অনুমোদিত হয়। সামাজিক ব্যবসা প্রকল্পগুলো সোশ্যাল বিজনেস পিডিয়ায় প্রতিবেদনের মাধ্যমে মনিটর করা হবে।
ডিজাইন ল্যাবে গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (বিএএসএ) মধ্যে একটি মধু প্রক্রিয়াজাতকারী সামাজিক ব্যবসা গঠনের লক্ষ্যে একটি জয়েন্ট ভেঞ্চার চুক্তিও স্বাক্ষরিত হয়। গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ এবং বিএএসএ’র নির্বাহী পরিচালক এ কে এম সিরাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অধ্যাপক ইউনূস উদ্ভাবনামূলক সামাজিক ব্যবসাগুলোর জন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটা চমকপ্রদ যে, এত বিভিন্ন ধরনের আইডিয়া এখন বাস্তবে রূপ নিচ্ছে।’
আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় পরবর্তী সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে যোগদানের জন্যও অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান ড. মুহাম্মদ ইউনূস।