দেশে এখনো প্রায় ২২ শতাংশ অর্থাৎ প্রায় চার কোটি মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সাক্ষরতার বাইরে রয়েছে উল্লেখ করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও ফলাফলভিত্তিক করার তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (BNFE) মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “সকল শিশু বিদ্যালয়ে থাকবে, প্রতিটি শিশু নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা পাবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার উপযোগী দক্ষতা অর্জন করবে—এটাই আমাদের মূল লক্ষ্য।” তিনি জানান, শিক্ষার বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীর একটি বড় অংশ প্রাপ্তবয়স্ক হলেও প্রাথমিক বিদ্যালয়ের বয়সী অনেক শিশুও এর অন্তর্ভুক্ত। তাই এই জনগোষ্ঠীকে শিক্ষা ও দক্ষতার মূলধারায় ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
বাজেট বরাদ্দের বিষয়ে প্রতিমন্ত্রী গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা বাজেটের টাকা শুধু ভবন নির্মাণ বা অবকাঠামো উন্নয়নের পেছনে ব্যয় করলে চলবে না। এই বাজেটের প্রতিটি টাকা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, সাক্ষরতা বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কাজের পরিধি স্মরণ করিয়ে দিয়ে চলমান বিভিন্ন প্রকল্পের রিস্কোপিং (Re-scoping), রিডিজাইনিং (Re-designing) ও রিফোকাসিং (Re-focusing)-এর ওপর জোর দেন।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মনোয়ারা ইশরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার এবং অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও উন্নয়ন সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




