শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আমরা শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে সরকার দেশে ফিরিয়ে আনতে চায় কি না এ নিয়ে কেউ কেউ যে ধরনের অনুমান করছেন, তা সঠিক নয়। ভারতের ওপর চাপ তৈরির জন্য প্রত্যর্পণের দাবি তোলা হচ্ছে, এমন কোনো কৌশল সরকারের নেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা, আপনি আসবেন না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
ভারতে অবস্থান করে সম্প্রতি শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন উল্লেখ করে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত অন্তত শেখ হাসিনা যেন এভাবে গণমাধ্যমে কথা বলতে না পারেন, ভারত সরকারের কাছ থেকে এমন পদক্ষেপ প্রত্যাশা করেছিল বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নে ভারত সরকার চাইলে তাৎক্ষণিক একটি ইতিবাচক পদক্ষেপ নিতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তারমতে, সেটি হলো শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা ভারতের প্রতিষ্ঠিত গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এটি বাংলাদেশের জন্য ‘আনএক্সপেক্টেড’। ভারতে তার বর্তমান স্ট্যাটাস কী, তিনি এসব অধিকার ভোগ করতে পারেন কি না, সে বিষয়েও স্পষ্টতা নেই।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি ‘স্ট্রং’। তিনি নিজে দেশে আসুক অথবা সরকার তাকে ফিরিয়ে আনুক; দুই ক্ষেত্রেই তাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের কোনো কৌশল নেই।



