দুই মার্কিন আইন প্রণেতার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

দুই মার্কিন আইন প্রণেতার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও দন্ডাদেশপ্রাপ্ত খুনী রাশেদ চৌধুরীকে হস্তান্তরে মার্কিন আইনপ্রণেতাদের সহায়তা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ডেমোক্র্যাট সিনেটর জন ওসোফ এবং ওয়াশিংটন ডিসির এশিয়া, দি প্যাসিফিক, সেন্ট্রাল এশিয়া ও ননপ্রলিফারেশন বিষয়ক ফরেন অ্যাফেয়ার্স সাবকমিটি, চেয়ারম্যান অব দি হাউস কংগ্রেসম্যান অ্যামি বেরার সঙ্গে পৃথক বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি জে ব্লিংকেনের আমন্ত্রণে বাংলাদেশ মন্ত্রীর মার্কিন সফরকালে বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানীতে সিনেটর ও কংগ্রেসম্যানের নিজ নিজ কার্যালয়ে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

এছাড়াও ড. মোমেন র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন আইনপ্রণেতাদের সহায়তা কামনা করে বলেন, ঢাকা আশা করছে যে- খুব শিগগিরই এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

বৈঠককালে, পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জোরালো মানবিক ও রাজনৈতিক সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।

জোরপূর্বক বাস্তুচ্যূত হয়ে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া মিয়ানমারের সকল নাগরিক যেন তাদের জন্মভূমি রাখাইন রাজ্যে ফিরে যেতে পারে সে জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের ওপর সম্ভব্য সব ধরনের চাপ প্রয়োগের জন্য মোমেন মার্কিন আইন প্রণেতাদের প্রতি অনুরোধ জানান।

এ সময় মার্কিন আইনপ্রণেতারা বিপুল সংখ্যক এই রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতার ভূয়সী প্রশংসা করে বলেন, এ ব্যাপারে তাদের সহায়তা অব্যাহত থাকবে।

ড. মোমেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের ব্যাপারে ব্রিফ করেন। মার্কিন আইনপ্রণেতারা এর প্রশংসা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। তিনি কংগ্রেশনাল বাংলাদেশ ককাস পুনরুজ্জীবিত করতেও তাদের সহায়তা কামনা করেন।

বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন আইনপ্রণেতারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরো সম্প্রসারণের গুরুত্বের ওপর এবং আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যে চমৎকার এই অংশীদারিত্ব আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম হানিফ, এমপি এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।