যশোর থেকে আবুল কালাম আজাদ: গভীর রাতে হতদরিদ্রের দুয়ারে গিয়ে ঘুম ভাঙ্গিয়ে চাল ডাল, তেল, লবন ও সাবান বিরতণ করলেন যশোরের পুলিশ সুপার। ঘুম ভেঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো পেয়ে যারপরনাই খুশি করোনার প্রভাবে কাজ হারা মানুষগুলো। সুবিধাভোগীদের দাবি মনে হয় স্বপ্ন দেখছেন তারা। অবশ্য পুলিশ সুপার জানিয়েছেন জেলা পুলিশের উদ্যোগে এ সহায়তা অব্যাহত থাকবে। আর দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তিনি বিত্তবানদের প্রতিও আহবান জানিয়েছেন।
করোনা ভাইরাসের কারণে অবরুদ্ধ সারাবিশ্ব। মহামারি আকার নেয়া এ ভাইরাসের রোষানলে বাংলাদেশও। ছোয়াছে এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে নিজ বাড়িতে অবস্থানের নির্দেশনা দিয়েছে সরকার। ফলে গত তিনদিন ধরে পুরো দেশের মানুষ ঘরে বন্দি। আর এ বন্দিদশার কারণে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন দিন এনে দিন খাওয়া হতদরিদ্র শ্রেণির মানুষ।
সরকার এ দরিদ্র মানুষদের জন্য ত্রাণ সহায়তা চালু করেছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে কারণে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে যশোর পুলিশ বিভাগ। নিজেদের অর্থায়নে তারা শুরু করেছেন খাদ্য সহায়তার কাজ। আর এ কাজটির জন্য তারা বেছে নিয়েছে রাতের আধারকে, যখন গভীর ঘুমে অচেতন সকলে। রাতের শুনশান নিরবতাকে ভেদ করে তারা ছুটে চলেছেন হতদরিদ্রদের ঘর থেকে ঘরে। দরজায় গিয়ে কড়া নিয়ে অভুক্ত মানুষের হাতে তুলে দিচ্ছেন চাল ডালসহ ৫ প্রকারের সামগ্রী।
পুলিশ সুপার মোহাম্মাদ আশরাফ হোসেন বলেন, বাংলাদেশও করোনা ভাইরাসের আতংকে আতংকিত। সরকারের আদেশে স্টে হোম- ঘরে থাকুন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। কিন্তু ঘরে থাকতে গিয়ে অস্বচ্ছল পরিবারগুলো, যারা রিকশা চালায়, দিনমজুর, খেটে খাওয়া মানুষ তাদের অনেক দুরাবস্থা। তারা কাজ না পেয়ে অনেকে না খেয়ে আছেন এমন সংবাদ আমাদের কানে এসেছে। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সকল পুলিশ অফিসাররা কিছু টাকা পয়সা একত্রে করে আমরা কিছু চাল ডাল লবন তেল সাবন বিভিন্ন সমস্য সংকুল এলাকায় গিয়ে বিতরণ করছি।
দিনের বেলায় অনেক মানুষ জড়ো হয়ে যায়, যে কারণে আমরা রাতে এসেছি বিতরণ কাজে। আগেই খোঁজ নিয়ে তালিকা করা কিছু পরিবারের সদস্যদের রাতে ঘুম ভাঙ্গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছি। যাতে স্টে হোম ও স্যোশাল ডিসটেন্সের নিয়ম রক্ষায় হয়।
পুলিশ সুপার আরো বলেন, বিতরণকালে দরিদ্র পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছে। তারা সামান্য সাহায্য পেয়ে খুশি হয়েছেন। তারা অনেকে বলেছে বাড়ির বাইরে যেতে না পারায় এবং কাজ না থাকায় তারা অনেকে না খেয়ে আবার অনেকে দু’এক বেলা খেয়া দিনপার করছে।
এদিকে ঘুম ভেঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো পেয়ে মহাখুশি করোনার প্রভাবে কাজ হারা মানুষগুলো। সুবিধাভোগীদের দাবি মনে হয় স্বপ্ন দেখছেন তারা। নাজিম উদ্দিন নামে একজন ট্রাক চালক বলেন, পুলিশ সুপার ঘরের দরজায় খাদ্য নিয়ে এসেছে বিশ^াস করতে পারছিলাম না। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। কাজে বের হতে না পারায় গত তিনদিন ঘরে যা ছিল তা খাওয়া শেষ করেছেন। আজ চাল ডাল না পেলে ছেলে-মেয়ে খুব কষ্ট হতো।
জুয়েল মিয়া নামে একজন বলেন, তিনি রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করেন। তিনদিন ধরে ঘরে বসে আছেন। একটা টাকাও রোজগার নেই। এমন সময় পুলিশের পক্ষ থেকে চাল ডাল পেয়ে খুব খুশি হয়েছেন। পুলিশ রাতে বাড়ি এসে খাবার দিয়ে যাবে এ কথা কখনো চিন্তাও করেননি। সকাল কাউকে বললে কেউ বিশ^াস করবে বলেও মনে হয় না।
এদিকে পুলিশ সুপার মোহাম্মাদ আশরাফ হোসেন জানিয়েছেন, তিনিসহ জেলা পুলিশের একাধিক টিম রাতের মধ্যেই ২শ’ পরিবারের ঘরে খাদ্য সহায়তা পৌছে দেবেন। জেলা পুলিশের উদ্যোগে এ সহায়তা অব্যাহত থাকবে। একইসাথে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তিনি বিত্তবানদের প্রতিও আহবান জানানা।
প্রসঙ্গত খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে দেয়া হয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবন ও দুটি সাবান।




