দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষিত জনবলই দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে সবাইকে সময়ের কাজ সময়ে করার প্রবণতা ও মানসিকতা তৈরি করতে হবে। বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।
আজ ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অডিটোরিয়ামে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের দু’মাস মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠাতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সততা, স্বচ্ছতা, দক্ষতা, দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনা এ পাঁচটি মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আমরা একজন দূরদর্শী নেতা পেয়েছি। তাই এ দেশের উন্নয়নকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম উন্নত রাষ্ট্র হিসেবে স্থান করে নিতে পারবে।
এনামুর রহমান বলেন, আমাদের দেশে রয়েছে বিশাল জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে এই জনগোষ্ঠী আর বোঝা হয়ে দাঁড়াবে না বরং দেশের সম্পদে পরিণত হবে। তাই প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদেরকে কাজে লাগিয়ে যার যার এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রতিমন্ত্রী আহ্বান জানান।
এর পূর্বে প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।



