ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮৮নং আজলাবাদ শিশু শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২৯ মে ২০২৬ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম খলিল, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক চৌধুরী এবং সিনিয়র সহকারী শিক্ষক মো. শাহজাহান আলীকে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়, যারা বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরাও এ সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈরচুনা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জিয়াউল ইসলাম জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মো. আসাদুজ্জামান চৌধুরী মানু এবং ১১নং বৈরচুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী চৌধুরী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো সুশিক্ষা এবং সেই শিক্ষার কারিগর হচ্ছেন শিক্ষকরা। অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের অবদান এ অঞ্চলের শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, কঠোর পরিশ্রম, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। পাশাপাশি নিজ বিদ্যালয় ও শিক্ষকদের প্রতি সম্মান ও ভালোবাসা ধরে রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।