প্রায় ৯০ বছর বয়সে মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) আর নেই। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।
সি আর দত্তের ভাগ্নে ও হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্তিযুদ্ধ চলাকালে ১১টি সেক্টরে বিভক্ত করা হয় বাংলাদেশকে। সিলেট জেলার পূর্বাঞ্চল খোয়াই শায়েস্তাগঞ্জ রেললাইন বাদে পূর্ব ও উত্তরদিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয় ৪ নম্বর সেক্টর। এই সেক্টরের কমান্ডারের দায়িত্বে ছিলেন সি আর দত্ত।
দায়িত্ব নিয়েই প্রথমে সিলেটের রশিদপুরে ক্যাম্প তৈরি করেন সি আর দত্ত। বিস্তীর্ণ এলাকাজুড়ে চা বাগান থাকার সুবাদে আড়াল থেকে শত্রুদের ঘায়েল করেন দ্রুত সময়ে। পরে তিনি রশিদপুর ছেড়ে মৌলভীবাজার ক্যাম্প স্থাপন করেন। তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধের এই সূর্য সন্তানের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামে।
জানা যায়, গত ২০ আগস্ট বাসায় বাথরুমে হঠাৎ পড়ে যান সিআর দত্ত। এতে তার পা ভেঙে যায়। এরপর দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। পরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার না ফেরার দেশে চলে যান তিনি।
১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে জন্ম নেয়া সি আর দত্তের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত। শিলং-এর ‘লাবান গভর্নমেন্ট হাইস্কুল’-এ দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে বাবা চাকরি থেকে অবসর নিয়ে হবিগঞ্জে গিয়ে স্থায়ী বসবাস শুরু করেন৷ হবিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল থেকে ১৯৪৪ সালে তিনি মাধ্যমিক পাস করেন। পরবর্তীতে কলকাতার আশুতোষ কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হয়ে ছাত্রাবাসে থাকা শুরু করেন তিনি। পরবর্তীতে খুলনার দৌলতপুর কলেজের বিজ্ঞান শাখায় ভর্তি হয়ে এই কলেজ থেকেই বিএসসি পাস করেন৷
সি আর দত্ত ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। কিছুদিন পর ‘সেকেন্ড লেফটেনেন্ট’ পদে কমিশন পান। মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সঙ্গে যুক্ত। হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ ও বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।



