গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলার ডুবি

গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলার ডুবি
হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তাল হয়ে উঠেছে গভীর সাগর। এরই মধ্যে বড় ঢেউয়ের ধাক্কায় রাঙ্গাবালীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা নয়জন মাঝিমাল্লাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৫) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বুধবার সকাল ৬টার দিকে গভীর নিম্নচাপটির কেন্দ্র পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপের প্রভাবে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি গভীর সাগরও উত্তাল হয়ে উঠেছে।

ঢেউয়ের কবলে ট্রলার ডুবি

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের জহির প্যাদার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

ট্রলারটিতে মালিক জহির প্যাদা, তার ছেলে সাইদুল প্যাদা ও মফিদুল প্যাদাসহ মোট নয়জন মাঝিমাল্লা ছিলেন। ট্রলারটি ডুবে যাওয়ার পর কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় তাদের সবাইকে উদ্ধার করা হয়।

পরে মঙ্গলবার রাত ১১টার দিকে উদ্ধার হওয়া নয়জনকে যুগিরহাওলা ঘাটে নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারটিও উদ্ধার করা হয়েছে।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে।

গভীর নিম্নচাপের প্রভাবে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।