নৈরাজ্য-সন্ত্রাসের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে: ইয়াসের খান

নৈরাজ্য-সন্ত্রাসের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে: ইয়াসের খান
নৈরাজ্য-সন্ত্রাসের অপচেষ্টা

দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড়সংলগ্ন চত্বরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, “ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান, আসেন।” তিনি আরও বলেন, আন্দোলন ও সহিংসতার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো উদ্যোগ সরকার ও দল মোকাবিলা করবে।

তিনি দাবি করেন, বিএনপি রাজপথে নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাৎ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও এর নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ আছে।” জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

সম্প্রতি রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, কয়েকটি বাসে আগুন দিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে বলেও তিনি মন্তব্য করেন।

বিচারের প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা নৈরাজ্য ও সহিংসতার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। এ বিষয়ে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে দুপুরে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড়সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আগস্টে তাকে কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বও দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।