ক্ষমা চেয়েছেন শামীম ওসমান-যাচ্ছেন হজে

ক্ষমা চেয়েছেন শামীম ওসমান-যাচ্ছেন হজে

শনিবার (২ জুলাই) সপরিবার হজে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। শুক্রবার (১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে তিনি দোয়া ও ক্ষমা চেয়েছেন।

শামীম ওসমান বলেছেন, আমি আগেও হজ করেছি। আগামীকাল শনিবার সপরিবার হজে যাচ্ছি। আমি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল করে। যারা আমাকে পছন্দ করেন এবং অপছন্দ করেন, আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে ও আমার পরিবারকে ক্ষমা করে দেবেন।

আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সহিহভাবে হজ করে আল্লাহকে খুশি করতে পারি। পুরো পৃথিবীর মুমিনদের জন্য দোয়া করতে পারি। বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীর জন্য মনপ্রাণ ভরে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে নেন। হজ থেকে ফিরে যেন আল্লাহর সৃষ্টির জন্য কাজ করতে পারি।

আমি শয়তানও না, ফেরেশতাও না। আমি মানুষ, স্বাভাবিকভাবেই আমার ভুল হতে পারে। তাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাই।

আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বলেন, আমি কোনো রাজনৈতিক কারণে এই কথা বলছি না। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আল্লাহ তায়ালা মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। উনি আমাদের আগামী প্রজন্মদের জন্য সম্পদ। আমি যদি বেঁচে নাও থাকি, আপনারা উনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ও তার পরিবারকে হায়াতে তৈয়বা দান করেন।

সংসদ সদস্য শামীম ওসমান আরও বলেন, প্রধানমন্ত্রী যেই স্বপ্ন দেখেছেন, তার পিতার অসম্পূর্ণ স্বপ্ন, বাংলাদেশের মানুষ যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, এই দেশে যেন কোনো গরিব মানুষ গরিব না থাকে; সবার পেটে যেন ভাত থাকে, মাথার ওপর যেন ছাদ থাকে। আল্লাহ যেন তার এই স্বপ্ন পূরণ করেন।

এই দেশের মানুষের জন্য সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন। যদি হজ শেষে বেঁচে ফিরি, তবে আবারও দেখা হবে, ইনশা আল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।