কুষ্টিয়া বিসিক শিল্পনগরীর বন্ধ কারখানার নির্দেশ শিল্পমন্ত্রীর

সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে এক কোটি ২১ লাখ লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে শিল্পায়ন কার্যক্রম জোরদারের পাশাপাশি বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। তিনি কুষ্টিয়া শিল্পনগরীর বন্ধ কারখানাগুলো দ্রুত চালু করতে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও শিল্পনগরী প্রশাসনের প্রতি নির্দেশনা দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মন্ত্রী গতকাল কুষ্টিয়া বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে স্থানীয় শিল্প উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।

কুষ্টিয়া জেলার শিল্প চাহিদা মেটাতে স্থানীয় অগ্রাধিকারভিত্তিতে বিসিক শিল্পনগরী সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এর পাশাপাশি বিদ্যমান শিল্পনগরীতে উদ্যোক্তাদের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হবে। সরকার তৃণমূল পর্যায়ে টেকসই শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কুষ্টিয়ার বন্ধ কারখানাগুলো দ্রুত চালু না করলে বরাদ্দ বাতিল করে সংশ্লিষ্ট প্লট মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, বিআরবি গ্রুপের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামসুর রহমান, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ-সহ স্থানীয় প্রশাসন, শিল্প উদ্যোক্তা ও বিআরবি’র কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী কুষ্টিয়া শহরের কাস্টম্স মোড়ে নির্মাণাধীন বিআরবির আধুনিক হসপিটাল এবং বিসিক শিল্পনগরীতে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। তিনি বিআরবি’র কারখানায় ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।