× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেস্ক

কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

আজ ২৬ এপ্রিল কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের উদ্যোগ গ্রহণ করায় আমি আনন্দিত। এ উপলক্ষ্যে আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশের তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের ধারণা প্রবর্তন করেন। মাত্র সাড়ে ৩ বছরেই দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তৎকালীন মহকুমা ও থানা পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব।

আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদের শুরুতেই আমরা দেশব্যাপী প্রতি ৬ হাজার গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি করে মোট ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করি। সেই আলোকে ২০০০ সালের ২৬ এপ্রিল জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নে আমি দেশের সর্বপ্রথম ‘গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক’ প্রতিষ্ঠা করে এর শুভ সূচনা করি এবং ২০০১ সালের মধ্যেই আমরা ১০ হাজার ৭ শত ২৩টি অবকাঠামো স্থাপনপূর্বক প্রায় ৮ হাজার কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালু করি।

কিন্তু বিএনপি-জামাত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় এসে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম বন্ধ করে দেয়। ২০০৯ সালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা আবার কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করি। বর্তমানে মোট ১৪ হাজার ১০০ শত ৫৮টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ১৪ হাজার ১০০ শত ২৭টি কমিউনিটি ক্লিনিকে কোভিড ভ্যাকসিন প্রদানসহ প্রাথমিক স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা কার্যক্রম চালু রয়েছে।

কমিউনিটি ক্লিনিকের একটি প্রধান বৈশিষ্ট্য হলো- এটি সরকার ও জনগণের সম্মিলিত অংশীদারিত্বের একটি সফল কার্যক্রম; যার ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং স্থায়িত্বের লক্ষ্যে আমাদের সরকার ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন’ মহান জাতীয় সংসদে পাস করেছে। কমিউনিটি ক্লিনিক থেকে সারাদেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবাসহ বিনামূল্যে ৩০ ধরনের ঔষধ ও স্বাস্থ্যসেবা সামগ্রী প্রদান করা হচ্ছে। বর্তমান অর্থবছরে ঔষধ ও স্বাস্থ্যসেবা সামগ্রী বাবদ বাৎসরিক বরাদ্দ বৃদ্ধি করে ২৪১ কোটি থেকে ২৫০ কোটি টাকায় উন্নীত করেছি। সেবাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সেবার পরিধি সম্প্রসারিত হওয়ার কারণে ৫ শতাংশের পরিবর্তে বর্তমানে ৮ শতাংশ জমিতে চার কক্ষ বিশিষ্ট নতুন নকশায় কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হচ্ছে। ২০১৭ থেকে এ পর্যন্ত ১ হাজার ২৮৭টি নতুন নকশার কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে।

১০৬টি উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিক কর্ম এলাকায় ৫ থেকে ৭ জন করে মোট ২১ হাজার ৫৬ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) নির্বাচন করা হয়েছে। কমিউনিটি পর্যায়ের খানাসদস্যদের স্বাস্থ্য-তথ্য সংগ্রহ করে প্রতিটি ব্যক্তির জন্য হেলথ আইডি প্রদান কার্যক্রম ৩২টি উপজেলায় চলমান রয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে হেলথ আইডি প্রদান করা হবে। আমাদের সরকারের এই পদক্ষেপসমূহ গ্রহণের ফলে স্বাস্থ্যখাতে অর্জিত ব্যাপক সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে পরিচিতি পাচ্ছে। স্বাস্থ্যখাতে আমাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ এমডিজি পুরস্কার, সাউথ-সাউথ পুরস্কার, গ্যাভি পুরস্কার ও ভ্যাক্সিন হিরো পুরস্কারের মতো অনেক সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছি।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকে সেবার পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ এবং স্বাস্থ্য-সুরক্ষা বিষয়ক নিয়মনীতি মেনে চলার বিষয়ে জনগণকে অবহিত করতে হবে। আমি আশা করি, দেশের স্বাস্থ্যখাতের সকল ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক অগ্রণী ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের মধ্যেই আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলব, ইনশাল্লাহ্‌।

আমি কমিউনিটি ক্লিনিকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

 জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

 বাংলাদেশ চিরজীবী হোক।”


এ ক্যটাগরির আরো খবর..