বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম কালজয়ী এ কবির। আজ কবির ১৫৮তম জন্মবার্ষিকী। নওগাঁর পতিসরে কবিগুরু রবীন্দ্রাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকীর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম।
জেলা প্রশাসন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ বছরের প্রতিপাদ্য বিষয়, ‘মানবিক বিশ্ব নির্মাণে রবীন্দ্রনাথ ঠাকুর।’ বিকেলের পর্বে আলোচনায় অংশ নিবেন অ্যারোমা দত্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক মলয় কুমার দত্ত প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
জানা যায়, ১৮৩০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর পতিসরে জমিদারি কিনেন। ১৮৯১ সালে রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য এ অঞ্চলে আসেন। এখানকার কাচারিতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর বেশকিছু কাব্য, গল্প ও প্রবন্ধ রচনা করেন।
এই স্থানটির চারপাশেই রবি ঠাকুরের পরিবার কর্তৃক স্থাপিত বেশকিছু স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- একটি বিদ্যালয় (কালীগ্রাম রথীন্দ্রনাথ ইন্সটিটিউশন), দাতব্য হাসপাতাল ও পুরোনো একটি কৃষি ব্যাংক। এর মধ্যে ব্যাংকটি ১৯০৫ সালে স্থাপিত হয়েছিল। এছাড়াও এখানে গড়ে উঠেছিল মৃৎশিল্প। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাপ্তির পর সর্বশেষ ১৯৩৭ সালে পতিসরে আসেন।





