উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল প্রোডাকটিভিটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে

জাপানের ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যানের আওতায় বাংলাদেশের খাতভিত্তিক উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি মাস্টার প্ল্যান ফর বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি প্রণয়ন করা হবে। থাইল্যান্ড ও সিঙ্গাপুরের তিন সদস্যের বিশেষজ্ঞ দল এ মাস্টার প্ল্যান প্রণয়নে সহায়তার জন্য আগামীকাল ঢাকায় আসছেন। তারা বিভিন্নখাতের অংশীজনদের সাথে আলোচনা করে উৎপাদনশীলতা উন্নয়ন কৌশল নির্ধারণ করবেন। পরবর্তীতে তাদের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের জন্য এ মাস্টার প্ল্যান চূড়ান্ত করা হবে।

তৈরি পোশাক শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার সাথে জড়িত প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ‘উৎপাদনশীলতা উন্নয়ন কৌশল’ শীর্ষক কর্মশালায় আজ এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)।

ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশনের পরিচালক এস এম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিকেএমইএ’র সিনিয়র সহসভাপতি মনসুর আহমেদ, পরিচালক মোহাম্মদ মোস্তফা মনোয়ার এবং নিটওয়্যারখাতের উৎপাদনশীলতা বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ২৭টি টুলস ও কৌশলের প্রয়োগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

এ দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের শিল্পখাতসহ সকলখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। ফলে বাংলাদেশে উৎপাদিত পণ্যের প্রতিযোগিতায় টিকে থাকার দক্ষতা ও সক্ষমতা বাড়বে। এতে করে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে।

উৎপাদনশীলতা বৃদ্ধি আর উৎপাদন বৃদ্ধি এক কথা নয়। উৎপাদনের সকল উপকরণের পরিমাণ সমানভাবে বজায় রেখে আগের চেয়ে উৎপাদন বৃদ্ধি পেলে উৎপাদনশীলতা বাড়ে। এর জন্য উৎপাদনের বিভিন্ন উপকরণের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার জরুরি। কৃষি, শিল্প, সেবাসহ সকলখাতে উৎপাদনশীলতা বাড়িয়ে ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে বলে বক্তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, দিনব্যাপী এ কর্মশালায় নিটওয়্যার শিল্পের সাথে সম্পৃক্ত উচ্চপর্যায়ের ব্যবস্থাপক এবং উৎপাদনশীলতা উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।