ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীতে পৌঁছে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

দুপুর ১টা ২৬ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় পৌঁছায়। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

ফেনীতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর গাড়িবহর পরশুরামের উদ্দেশে রওনা হয়।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় যাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর তিনি ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।

দিনের শেষভাগে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমে অংশ নেবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের বিভিন্ন কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম ফেনী সফর। এর আগে একদিনের সফরে ফেনীতে বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানানো হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।