ঈদে বেনাপোল-পেট্রাপোল বন্দর টানা ৪ দিন বন্ধ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল(যশোর): মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ৪ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষনা করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ এ্যাসোসিয়েশন।

 

তবে এসময় দুদেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও  পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

 

শনিবার(২৪জুন) সকালে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে বন্ধের বিষয়টি  জানা গেছে। চিঠিতে সাক্ষর করেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ এ্যাসোসিয়েশন সভাপতি মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

 

এদিকে বানিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ এ্যাসোসিয়েশন পক্ষ থেকে ভারতের পেট্রাপোল বন্দরকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এতে ২৪ জুন সকাল থেকে বন্ধ হয়ে গেছে এপথে বানিজ্যিক কার্যক্রম।

 

ভারতের ২৪ পরগনার বঁনগা ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশনের সভাপতি শংকর সাহা বিষয়টি নিশ্চিত করে  জানান, ঈদ উপলক্ষে ২৪ জুন থেকে ২৭ জুন ৪ দিন বন্ধের বিষয়ে তারা চিঠি পেয়েছেন। আগামী ২৮ জুন থেকে আবার স্বাভাবিক নিয়মে এপথে বাণিজ্য শুরু হবে বলে জানান তিনি।

 

এদিকে বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওয়াদুত মিল্কি  জানান, বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশন  কর্তৃপক্ষের ৪ দিন কাজ বন্ধ রাখার চিঠি তারা হাতে পেয়েছেন। তবে  বেনাপোল বন্দরে মাত্র  সরকারী ছুটি  ২৬ ও ২৭ জুন দুই দিনের ঘোষনা হয়েছে। এসময় ছাড়া অনান্যদিন বেনাপোল বন্দর খোলা থাকছে। এসময় কেউ যদি জরুরী পন্য খালাস নিয়ে চায় সে ব্যবস্থা রয়েছে।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপপরিদর্শক(এসআই)  পলাশ হোসেন জানান, এপথে  বাণিজ্য বন্ধ থাকলেও  দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সবদিন স্বাভাবিক থাকবে। এজন্য জনবল বাড়ানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।