জন্মাষ্টমীতে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা র‍্যাবের

জন্মাষ্টমীতে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা র‍্যাবের
ঈদে মিলাদুন্নবী ঘিরে দেশজুড়ে র‍্যাবের বাড়তি নিরাপত্তা

শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উদ্‌যাপিত হবে। উৎসবটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জন্মাষ্টমীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ, শোভাযাত্রার স্থান, অনুষ্ঠানস্থল এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

উৎসবকে ঘিরে প্রতিটি র‌্যাব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি বা হুমকি আগেভাগে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

জন্মাষ্টমীর আয়োজনকে কেন্দ্র করে কোনো চরমপন্থী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও বিশেষ নজর রাখছে র‌্যাব।

অনুষ্ঠানে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত ও বিদেশি নাগরিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জন্মাষ্টমীর শোভাযাত্রাকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। শোভাযাত্রার সামনে, পেছনে ও দুই পাশে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রাখা হবে রিজার্ভ সদস্যদেরও।

আরও পড়ুনঃ কলকাতায় বাংলাদেশিদের হোটেল বুকিং নিয়ে সতর্কবার্তা, ভ্রমণের আগে কক্ষ নিশ্চিতের পরামর্শ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে—এমন গুজব, বিভ্রান্তিকর তথ্য, উসকানিমূলক পোস্ট, মন্তব্য, ছবি ও অন্যান্য অনলাইন কনটেন্টের বিষয়ে সাইবার নজরদারি বাড়িয়েছে র‌্যাব। এসব তথ্য শনাক্ত করার পাশাপাশি এর বিস্তার ঠেকাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জন্মাষ্টমী উপলক্ষে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব।

দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্‌যাপনের আহ্বান জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।