করোনাভাইরাস আতঙ্কে ইরান থেকে প্রথম দফায় ২৩৬ জনকে এবং দ্বিতীয় দফায় ৫৩ জন ভারতে ফিরে এসেছেন। এবার ১৯৫ জনকে ফিরিয়ে আনছে ভারতীয় বিশেষ বিমান।
বুধবার ভারতীয়দের রাজস্থানের জয়সলমীর বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পরে সেনাবাহিনীর নজরদারিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বলে জানিয়েছে জয়সলমীরের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল সোম্বিত ঘোষ।
এছাড়াও আগেই বিদেশমন্ত্রী জয়শংকর জানিয়েছিলেন ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে ভারত সরকার।
ওই মুখপাত্র আরও জানিয়েছেন সেনা তত্ত্বাবধানে চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা মানুষজনদের যাতে কোনরকম অসুবিধা না হয়ে সেদিকেও নজর রাখা হচ্ছে।
বয়স অনুসারে মহিলা এবং পুরুষদের আলাদা ব্যারাকে রাখা হবে। এছাড়াও বিশেষজ্ঞদের দল সর্বদা তাঁদের নজরে রাখবেন বলেও জানিয়েছেন তিনি। সেনাপ্রধান এমএম নারাভানে ওই চিকিৎসাকেন্দ্রের পুরো বিষয়টি ১৭ এবং ১৮ তারিখ নিজে যাচাই করে দেখেছেন।
প্রতিটা ঘরে টিভি সহ ইনডোর এবং আউটডোর খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সেনা জওয়ানরাও থাকবেন সেখানে। নতুন এই ১৯৫ জনকে আনার পরে জয়সলমীরে মোট কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৪তে।
ইতিমধ্যে একাধিক দেশে এই ভাইরাসের আক্রমণে বাড়ছে মৃতের সংখ্যা। বিশেষজ্ঞরা একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোতে বারণ করছেন। ইতিমধ্যে একাধিক বলি তারকা নিজেদের স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রেখেছেন। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে একাধিক অফিস। কর্মীদের বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।



