নওগাঁর মান্দায় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা ওই গ্রামের হাসনাত আলীর ছেলে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, দুপুরে শিশু হুজাইফা পরিবারের নজর এড়িয়ে বাড়ির বাইরে খেলতে গিয়ে কোনো একসময়ে সামনের পুকুরে পড়ে যায়।
দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটিকে নিথর অবস্থায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে মান্দা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
কোমলমতি এই শিশুর আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে মাতম। অবোধ শিশুকে হারিয়ে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



