আফ্রিকার ৬টি দেশকে বিনামূল্যে গম দেবে রাশিয়া

আফ্রিকার ৬টি দেশকে বিনামূল্যে গম দেবে রাশিয়া

আফ্রিকার ৬টি দেশকে বিনামূল্যে গম দেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিনামূল্যে গম পাওয়া দেশগুলো হলো- বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ইরিত্রিয়া। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক ঘোষণায় ভ্লাদিমির পুতিন এ কথা জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার দেশগুলোর সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আগামী তিন চার মাসে এই ছয়টি দেশের প্রত্যেককে ২৫ হাজার থেকে ৫০ হাজার টন পর্যন্ত গম পাঠানো হবে এবং এই বাবদ যে খরচ হবে, তাও বহন করবে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই প্রতিশ্রুতির কিছুদিন আগে ইউক্রেন থেকে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানির একটি চুক্তি থেকে সরে আসে মস্কো। ওই চুক্তির আওতায় কৃষ্ণসাগর হয়ে আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শস্য সরবরাহ করা হচ্ছিল। এভাবে এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনের বন্দরগুলো থেকে প্রায় ৩ কোটি ৩০ লাখ টন শস্য রপ্তানি করা হয়েছে। বিশ্বে খাদ্যের দাম স্থিতিশীল রাখতে এই চুক্তি বড় সহায়তা করেছিল।ভ্লাদিমির পুতিন বলেন, গমের আন্তর্জাতিক বাজারে ২০ শতাংশ সরবরাহ যায় রাশিয়া থেকে। অন্যদিকে ইউক্রেন থেকে আসে ৫ শতাংশ সরবরাহ। গত বছর শস্যচুক্তি সম্পাদনের সময় আমরা শর্ত দিয়েছিলাম- পশ্চিমা দেশগুলো আমাদের কৃষি, খাদ্যপণ্য ও সারের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেসব যেন প্রত্যাহার করে নেওয়া হয়। চুক্তির অন্যান্য অংশীদাররা সেই শর্তে রাজিও হয়েছিল। কিন্তু আমরা দেখলাম- এই শস্যচুক্তিকে তারা সম্পূর্ণ বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে এবং ইউক্রেনের গমের সব চালান গেছে ইউরোপে। তিনি বলেন, আফ্রিকা ও বিশ্বের অন্যান্য দরিদ্র দেশ সেই গমের হিস্যা পায়নি। আমাদের কৃষিপণ্য ও সারের ওপর যেসব নিষেধাজ্ঞা তারা (পশ্চিমা বিশ্ব) দিয়েছিল, সেসবও প্রত্যাহার করা হয়নি।

যুক্তরাষ্ট্র ও তার ইউরোপের বন্ধুদের সমালোচনা করে ভ্লাদিমির পুতিন আরও বলেন, রাশিয়া কেবল বিশ্বের অন্যতম বৃহৎ গম রপ্তানিকারকই নয় বরং আন্তর্জাতিক খাদ্যের বাজারে একটি নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সরবরাহকারী দেশ। কিন্তু পশ্চিমারা, যারা এখন শস্যচুক্তি নিয়ে রাশিয়াকে দোষী সাব্যস্ত করছে— গত দশকের পর দশক ধরে এই সত্য অস্বীকার করে আসছে। এদিকে সম্মেলনে যোগ দেওয়া আফ্রিকার নেতাদের উদ্দেশে চুক্তির বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রাশিয়া চুক্তি থেকে সরে গিয়ে দরিদ্র দেশগুলোকে যে সংকটের দিকে ঠেলে দিয়েছে, তা নিয়ে আফ্রিকার নেতাদের প্রশ্ন করার আহ্বান জানান তিনি। আজ নিউজিল্যান্ড সফরের সময় ব্লিঙ্কেন বলেন, তারা জানেন বর্তমান পরিস্থিতির জন্য দায়টা আসলে কার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।