আওয়ামী লীগ চড়াই-উৎরাই পেরিয়ে বার বার ক্ষমতায় আসবে, এটা কখনও কেউ ভাবতে পারেনি -প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ চড়াই-উৎরাই পেরিয়ে বার বার ক্ষমতায় আসবে, এটা কখনও কেউ ভাবতে পারেনি -প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগ চড়াই-উৎরাই পেরিয়ে যে বার বার ক্ষমতায় আসবে, এটা কখনও কেউ ভাবতে পারেনি। ১৯৯৬ থেকে ২০০১ সাল। আর এরপর ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এত নারী মনোনয়ন কেনায় ভালোই হয়েছে। আওয়ামী লীগ ফান্ডে অনেক টাকা এসেছে। সব ফুলই সুন্দর। এত ফুল থেকে মাত্র ৪৮ জনকে বাছাই করে নেয়া কঠিন। কেউ মন খারাপ করবেন না। এবার না হলে আগামীবার হবে। একবার না হলে দেখো শতবার।’
 
তিনি আরও বলেন, ‘মনোনয়ন না পেলেও নেতৃত্ব দেয়ার আকাঙ্ক্ষা যেন হারিয়ে না যায়। নিজেকেই নিজের জায়গা করে নিতে হবে। ভবিষ্যতে যেন আরও বেশি নারীদের প্রার্থী করতে পারি, সে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট খুনিরা শিশু রাসেলকে পর্যন্ত হত্যা করেছিল এজন্য যে, তারা চেয়েছিল যেন ভবিষ্যতে বঙ্গবন্ধুর রক্তের কেউ ক্ষমতায় আসতে না পারে। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমি বার বার মৃত্যুকে কাছ থেকে দেখেছি।

তিনি বলেন, ২০০৯ সালে আমরা যখন সরকার গঠন করি। তখন দেশের অবস্থা খুব খারাপ ছিল। বিধ্বস্ত অর্থনীতি, বিপর্যস্ত সমাজ ও বিশৃঙ্খল অবস্থা ছিল। সেগুলো কাটিয়ে উঠেই কিন্তু আমাদের উন্নয়নের অগ্রযাত্রায় পথচলা। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চললে যেকোনো অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়, আমরা সেটি করে দেখিয়েছি। বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদার আসনে বসতে পেরেছে।

সরকারপ্রধান বলেন, বর্তমান সরকার সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে। সবক্ষেত্রে নারীরা সাফল্যের সঙ্গে কাজ করছে।

এর আগে, সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয় আওয়ামী লীগ। দলটির মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৫৪৯ জন। এবার জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে মনোনয়ন প্রত্যাশী ৩২ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।