বিনোদন ডেস্ক: নবাগত বাংলাদেশি নায়িকা শিরিন শিলা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের রুপগঞ্জে ট্রাকের ধাক্কায় তার মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান শিলা ও তার ভাই।
জানা গেছে, শুক্রবার বিকালে পরিচালক সমিতির পিকনিক ছিল। ভুলতার সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে এই পিকনিকের আয়োজন করা হয়। সেখানে যোগ দেয়ার জন্য শিরিন শিলা একটি প্রাইভেটকারে রওয়ান হন। গাড়িটি রুপগঞ্জে পৌঁছার পর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বেঁচে যান তিনি।
এ প্রসঙ্গে শিরিন শিলা বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে আমাদের গাড়িটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে গাড়িটির সামনের দিকটা মুচড়ে যায়। তবে সবার দোয়ায় আমাদের তেমন গুরুতর কিছু হয়নি। আমার ছোট ভাইসহ আমি গাড়িতে ছিলাম।
শিরিন শিলা বলেন, গাড়িটি আমার খুব শখের গাড়ি ছিল। চার দিন আগে গাড়িটি কিনেছি। গাড়িটির জন্য খারাপ লাগলেও বেঁচে যাওয়ায় ভালো লাগছে।