অবসরের শর্তেই টি–টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি

টেস্ট ছেড়েছেন অনেক আগে। গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পরপরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন। অবসর নেওয়ার দ্বারপ্রান্তেই দাঁড়িয়ে আছেন শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি থেকেও অবসর নেওয়ার একটা আনুমানিক সময়সীমা নির্ধারণ করে ফেলেছিলেন।

বলেছিলেন, ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন। কিন্তু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছেন, টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণার ব্যাপারটি নতুন করে ভেবে দেখছেন।

আফ্রিদির এমন কথায় খেপেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান। মোটামুটি হাটেই হাঁড়ি ভেঙে দিয়েছেন তিনি। বলেছেন, শিগগিরই অবসরে যাবেন, এমন শর্তেই নাকি তাঁকে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল।

আফ্রিদি তাঁর সেই সংবাদ সম্মেলনে বলেছিলেন, পরিবার ও বন্ধু-বান্ধবদের তরফ থেকে চাপের মুখে থাকাতেই অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবেরা চান না এখনই তিনি অবসরে যান।

গতকাল মার্চের প্রথম দিনটিতেই ৩৬-এ পা রেখেছেন পাকিস্তানের এই ক্রিকেট তারকা। ১৯৯৬ সালে পাকিস্তানের হয়ে অভিষিক্ত আফ্রিদির অধিকারে প্রায় ১৮ বছর ধরই ছিল ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা। ১৯৯৬ সালের অক্টোবরে কেনিয়ার নাইরোবিতে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর কাটিয়ে দেওয়া আফ্রিদি এখন নিজের অবসর নিয়ে যে যথেষ্ট চাপের মুখে, সেটা শাহরিয়ার খানের কথায়ও স্পষ্ট। পিসিবি সভাপতি বলেছেন, ‘আফ্রিদির উচিত বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলা। গত বিশ্বকাপের পরপরই সে বলেছিল ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলেই সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবে।’

পাকিস্তানের হয়ে ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফ্রিদি। ব্যাট হাতে ১৮.০১ গড়ে তাঁর রান ১৩১৫, স্ট্রাইক রেট ১৪৯.২৬। বল হাতে ২৩.৯০ গড়ে উইকেট সংখ্যা ৯২। টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারী বোলার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।