ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা : টম ব্যান্টনের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের আক্রমণাত্মক ব্যাটিংয়ে কেনিংটন ওভালে রানের বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ৩৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ২২৩ রানের বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
রোববার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে ইনিংসের শুরুতেই বেন ডাকেটকে হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। এরপর দ্রুত পরিস্থিতি সামলে নেন টম ব্যান্টন।
তৃতীয় উইকেটে টম ব্যান্টন ও হ্যারি ব্রুকের দুর্দান্ত জুটিতে বড় সংগ্রহের ভিত পায় ইংল্যান্ড। দুজনের ব্যাটে ১৫০ রানের জুটি গড়ে ওঠার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা।
আরও পড়ুনঃ সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যান্টন দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান। শেষ পর্যন্ত ১০৫ বল মোকাবিলা করে ১২৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ১৬টি চার ও পাঁচটি ছক্কা।
ব্যান্টন ফিরে গেলেও ইংল্যান্ডের রান তোলার গতি কমেনি। ব্রুক ৬৬ বলে করেন ৭৭ রান। এরপর জর্ডান কক্সের ৫২ বলে ৭৬ রানের আক্রমণাত্মক ইনিংস ইংল্যান্ডকে আরও বড় সংগ্রহের দিকে এগিয়ে নেয়।
নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৫৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দিলহারা ফার্নান্দো পান তিনটি উইকেট।
শুরুতেই চাপে শ্রীলঙ্কা
৩৫৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কা মাত্র ১ রান করে সনি বেকারের বলে আউট হন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। কুশল মেন্ডিস ২৬ বলে ৩৫ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাঁর বিদায়ের পর শ্রীলঙ্কার ইনিংসে আর কোনো উল্লেখযোগ্য জুটি গড়ে ওঠেনি।
আরও পড়ুনঃ কোহলির রেকর্ডময় সেঞ্চুরি, গিলের শতকে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত
১৭তম ওভারে মাত্র ৮২ রানে ছয় উইকেট হারানোর পর ম্যাচে শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।
শেষ পর্যন্ত ২৯.১ ওভারে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ইংল্যান্ডের বোলারদের মধ্যে লিয়াম ডসন ২৬ রানে তিনটি এবং গাস অ্যাটকিনসন দুটি উইকেট নেন।
এই বড় জয়ের ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও নিজেদের করে নেয় ইংল্যান্ড।





