সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা হবে

সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এটি তাদের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম কেন্দ্রে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, “সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ আমরা ফিরিয়ে আনবো।” তার ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের ৮ অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে এটি যুক্ত করেছিলেন।

যেসব অনুচ্ছেদে পরিবর্তন আসতে পারে

সংবিধান সংশোধনের সম্ভাব্য বিষয় তুলে ধরে কমিটির আহ্বায়ক বলেন, প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয় বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, এসব সাংবিধানিক বিধানে পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে জনগণের অনুমোদনের জন্য গণভোটের প্রয়োজন হবে। সংসদে সংশোধনী বিল পাসের পর সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুরক্ষায় গণভোটের প্রস্তাব

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভবিষ্যতে সহজে বাতিল করা না যায়—এমন সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিএনপির একটি প্রস্তাবের কথাও জানান সালাউদ্দিন আহমদ।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে বিএনপি দীর্ঘ সময় আন্দোলন করেছে। ভবিষ্যতের কোনো সংসদ যাতে সহজে এই ব্যবস্থা বাতিল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদে পরিবর্তন আনতেও গণভোটের প্রয়োজন হবে—এমন বিধান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংশোধনী বিল

সংবিধান সংশোধনের সময়সীমা সম্পর্কে সালাউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য জোর প্রচেষ্টা চলছে।

কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় থেকে একটি সংশোধনী বিল প্রস্তুত করা হবে। এরপর আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপনের আশা করা হচ্ছে।

তিনি জানান, সংসদে বিলটি উত্থাপনের পর এর ওপর আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনী শেষে পাস হলে পরবর্তী ধাপে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের মাধ্যমে সংশোধনের প্রক্রিয়া চূড়ান্ত করার কথা রয়েছে।

কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, কমিটির সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, কমিটির সদস্য সাকিলা ফারজানা এবং মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।