অনিশ্চিত মালিঙ্গা

ক্রীড়া ডেস্ক: লাসিথ মালিঙ্গার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে চোটের কারণে। সামনেই তাদের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে। গোড়ালির চোটে ভুগছেন শ্রীলঙ্কার অন্যতম সেরা এই পেসার।

গত নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে গোড়ালিতে চোট পেয়েছিলেন মালিঙ্গা। সেই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি এই লঙ্কান পেসার।

ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলা হচ্ছে না মালিঙ্গার। এমনকি বাকি দুই ওয়ানডেতেও তার খেলা অনিশ্চিত। মালিঙ্গাকে এখনো শ্রীলঙ্কা থেকেই উড়িয়ে নিয়ে যাওয়া হয়নি। স্ট্যান্ডবাই খেলোয়াড় থিসারা পেরেরা ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডের স্কোয়াডে যোগ দেবেন।

মালিঙ্গার ব্যাপারে শ্রীলঙ্কার টিম ম্যানেজার জেরি উটার্সজ বলেন, ‘সে ওয়ানডের জন্য আসছে না। সে তার গোড়ালিতে অস্বস্তি বোধ করছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের মাঝে সে আসবে কি না, সেটাও কেউ জানে না।’

মালিঙ্গার না থাকাটা শ্রীলঙ্কার জন্য ‘বড় ক্ষতি’ হিসেবেই দেখছেন নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান, ‘মালিঙ্গা বিগত কয়েক বছর ধরে শ্রীলঙ্কা ক্রিকেটে অবদান রেখে আসছে। সে তাদের মূল পেসার। আমি নিশ্চিত তারা ওর অভাব অনুভব করবে। তবে এটা (মালিঙ্গার না থাকা) তরুণদের স্কোয়াডে ঢোকার সুযোগও বটে।’

মালিঙ্গা এই মুহূর্তে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক। টি-টোয়েন্টি সিরিজেও তিনি খেলতে না পারলে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের নেতৃত্বভার কার কাঁধে বর্তাবে, সে ব্যাপারে নির্বাচকরা এখনো কোনো ইঙ্গিত দেননি। ওয়ানডে সিরিজের পর স্বাগতিকদের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।