বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশ সম্পর্ক ও পানি বণ্টন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তাকে শেরেবাংলা হলের একটি কক্ষে ডেকে নেওয়া হয়। পরে সেখানে তাকে মারধর ও নির্যাতন করা হয়। রাতভর নির্যাতনের পর ওই কক্ষেই আবরার ফাহাদের মৃত্যু হয়।
ঘটনার পর তার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। মামলার বিচারিক কার্যক্রমের পর হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেন।





