অর্থদাতাদের বিচার হলে অগ্নিসন্ত্রাস বন্ধ হবে -তথ্যমন্ত্রী

অর্থদাতাদের বিচার হলে অগ্নিসন্ত্রাস বন্ধ হবে -তথ্যমন্ত্রী

অগ্নিসন্ত্রাসী ও তাদের হুকুমদাতা, অর্থদাতাদের বিচার হলেই কেবল অগ্নিসন্ত্রাস বন্ধ হবে।বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (৩ ডিসেম্বর) রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচার চাই’ শীর্ষক মানববন্ধন ও সমাবেশে এই প্রশ্ন রাখেন তিনি। ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ সংগঠন এই সমাবেশের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বা দ্রুততম সময়ে বিচারের মাধ্যমে ২০১৩, ১৪, ১৫ সালে যারা আগুনসন্ত্রাস চালিয়েছিল, তাদের এবং হুমুকদাতা ও অর্থদাতাদের যদি আমরা বিচার করতে পারতাম, তাহলে আজকে ২০২৩ সালে এই আগুনসন্ত্রাস হতো না। সেই সময় তারা আগুনসন্ত্রাস চালিয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে। আর এখন চালানো হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে।

‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ আহ্বায়ক শাহাদত হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আখতারুজ্জামান, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় নিহত নাহিদের মা রুনি বেগম, আগুনে ঝলসে যাওয়া সালাউদ্দিন ভূঁইয়াসহ অনেক আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অগ্নিসন্ত্রাসী-মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ করে বলেন, তারা অবরোধ ডেকে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে। আর তাদের কিছু কর্মী, সন্ত্রাসী ও বখাটেকে ভাড়া করে হাতে পেট্রোলবোমা তুলে দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছে। গাড়িতে আগুন দেয়াচ্ছে।

তিনি বলেন, এটি কোনও রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। পৃথিবীর কোথাও গত ২ দশকে রাজনীতির জন্য এভাবে আগুনসন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেনি। যেটি বাংলাদেশে বিএনপি-জামায়াত করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত আবার সেই পুরোনো আগুনসন্ত্রাসের মধ্য দিয়ে চলছে। আসলে কয়লা ধুলে ময়লা যায় না, বিএনপি-জামায়াতও কখনো ভালো হবে না। সুতরাং, এদের প্রতিহত করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।