বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।
মঙ্গলবার (৭ অক্টোবর) বোয়েসেল কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ব্রুনাইয়ের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, দক্ষ জনশক্তি পাঠানো এবং নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় দুই দেশের শ্রমবাজারে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বাংলাদেশ ও ব্রুনাইয়ের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় করেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দুই দেশের শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।





