সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার করে বাংলাদেশে বিনিয়োগের অভিযোগে করা মামলার বিষয়ে তথ্য চেয়েছেন ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কায়সারের কাছে তিনি এ বিষয়ে তথ্য জানতে চান।
সাক্ষাৎ শেষে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে রাষ্ট্রদূত সহযোগিতা চাইলে অ্যাটর্নি জেনারেল প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল অর্থ বাংলাদেশে পাচার ও বিনিয়োগের অভিযোগে করা মামলার অগ্রগতি ও সংশ্লিষ্ট তথ্য জানতেই রাষ্ট্রদূত অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করেন।





