ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী, বিরোধীদলীয় নেতা, উপনেতা, চিফ হুইপ এবং অন্যান্য সদস্য বৈঠকে অংশ নেন। স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সময় এবং অধিবেশনের মেয়াদ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী এক বছরে সম্ভাব্য সংসদ অধিবেশনগুলোর সময় ও মেয়াদ নিয়েও মতবিনিময় করা হয়।
আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল, দুঃখপ্রকাশের দাবি বিরোধীদলের
সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া অধিবেশন প্রতিদিন বিকেল ৩টায় শুরু হবে। আগামী ১০ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন সমাপ্ত হবে।
তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসের বিষয়ে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, বর্তমান অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৮১টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৪৯টি নোটিশ জমা পড়েছে।
আরও পড়ুনঃ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার অনড়: পররাষ্ট্রমন্ত্রী
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া বৈঠকে সাচিবিক সহায়তা দেন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

